আবার অতিমানব ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়
এখন গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে থাকা মানেই অসম্ভব যেকোনো কিছুকেই সম্ভব বানিয়ে ফেলার আশা। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই অবিশ্বাস্য ইনিংসের পর থেকে নিজেকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
মুম্বাইয়ে বিশ্বকাপের সেই ম্যাচে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের পর গতকাল আবার দেখা গেল অতিমানব ম্যাক্সওয়েলকে। এবার প্রতিপক্ষ ভারত, ম্যাচটা টি-টোয়েন্টি। ভারতের তোলা ৩ উইকেটে ২২২ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও ভীষণ চাপে। কিন্তু ম্যাক্সওয়েল থাকলে কিছুই যে অসম্ভব না! ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করার পথে ম্যাক্সওয়েল টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতকের রেকর্ডও স্পর্শ করেছেন। ম্যাচটা অস্ট্রেলিয়া জিতল একেবারে শেষ বলে ম্যাক্সওয়েলের মারা চারেই। ৫ উইকেটে দুর্দান্ত জয়ে সিরিজেও ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। পাঁচ টি-টোয়েন্টির সিরিজে তিনটি ম্যাচ শেষে আপাতত ভারত এগিয়ে ২-১ ব্যবধানে।

